অতনু সিংহ


মারেফত

এবং তাহার আড়াল আমি খুলিয়াছি অ্যাকোর্ডিয়ান বাদকের মত
ডানা মেলে মিউজিক অ্যারেনা অ্যারেনা
যে প্রকারে ছায়ার বয়ানখানি লিখে দেয়
চোখবোজা ঝাউয়ের বনে
তারপর নিরুদ্দেশ, প্রবাল অন্ধকারে
আচানক ঝড়ের প্রলাপ
নিজেকে হারিয়ে ফেলা
মৎস্যের নীল পেটে, আঁশের কুহকে...
কিংবা সেই রৌদ্রের লিপি লিখে রেখে সিকান্দর
কবেই তো হারিয়ে গিয়েছে, এপাশ-সেপাশ ঘুরে,
খুঁড়েছে ঘুমের বালিশ,
একান্ত নেশার মত চেয়েছেন
নাভির আকাশ থেকে
নুনের সালাত,
যেভাবে জ্বর ছেড়ে গেলে
ঘামের আরামে খুব ঝুলে থাকে মেঘ,
উনোন-দেবীর কাম ভ’রে ওঠে গ্রীষ্মের ঈষৎ দুপুরে,
আহা আম-ডাল, ভাজা মাছ, পিঁড়ির আয়েস...

এটুকুই চেয়েছেন রামপ্রসাদ, বেড়াবাঁধা স্বপ্নে ও
স্নানের কসমে, এটুকু আড়ালে তার আমিও
বেঁধেছি গান, পেতেছি মদের পাত্র
করোটিতে কার ছাপ! কার দেহ! নাভি কার!
চাঁদ পাতা নৌকায় ইয়া হক্ --
ছিলিম, লম্ফ ঘেরা ভোরের নিশান...

একটি আড়াল থেকে হয়তো আবার
ফিরে যেতে হবে, যেভাবে জন্ম যায়
যেভাবে মানুষ, থেকে যায় ছায়া
আমি তার ছায়ার মাদুলি বেঁধে বিড়ি খাই
এইভাবে ফুঁ দিই, জল পড়ি
পানিতে আর পিরিত-স্বপ্নে



No comments:

Post a Comment