অনিন্দ্য রায়


স্বরসঙ্গী

প্রতিটি বাদ্যই প্রাণী, নিদেন পতঙ্গ

উড়লে ফর্ফর আর ছুটে গেলে

শ্বাসের মূর্ছনা


আগুন জ্বালিয়ে তাদের দূরত্বে রাখি


নিভে গেলে আলো নেই

কেবল সঙ্গীত

পৃথিবীকে অধিকার করে


ব্যঞ্জনপ্রতিভা

আঙুর, অতিরিক্ত ত্বক, ফুটো ক’রে চুষি রসধারা


নুন ও শর্করা দায়ী

সকল স্বাদের জন্য, তাও ভাবি নিয়ামক জল

সহজে জীবাণু জন্মে, বাড়ে অতি বাড়


দ্বিবীজ ভর্তি অন্ন

কেউ কেউ নিজেরই মাংসে বাঁধে ব্যঞ্জনপ্রতিভা


আঙুর, তোমাকে খেতে জিভ এত খাঁড়া হয়েছিল

আমি লোভে

পাগড়িতে দ্বারবান হই


“ কে খাবে? এত যে রান্না!” রাঁধুনি পা ধরে কাঁদে

“ এ দেহ সারাইখানা, প্রতিরাতে ভবঘুরে

অতিথি ঢোকাও”



No comments:

Post a Comment