উঁচু নীচু দরদীয় যাতনা
শারদীয় ত্রিফলক মাপা গলাবন্দি বেল্ট
হিংস্র দাঁত, নখ, মুখ পিছনে ফেলে
উঠতে যাচ্ছিলাম সরু উপত্যকা বেয়ে
ওরা আমাকে উঠতে দ্যায়নি
পাজামা টেনে নীচে নামাতে চেয়েছে
আমার মাথার উপর ফেলতে চেয়েছে দক্ষিণ মেরুর ফেড হয়ে যাওয়া নীল বজ্রপাত
আমি বুঝে নিয়েছি কোথায় কোথায় চোখ রাখা উচিৎ
কোথায় কোথায় ঘাড় গোঁজা উচিৎ
তাই নীচু হয়ে তুলে নিয়েছি
আমার নব্বই সালের গন্ধ মাখা পুরোনো পাশবালিশ
কপালের ফিরিস্তি কোন কালিতে ছাপা
কোন আবীরে রাঙ্গানো আমার ফাল্গুণী প্রেম
এসব নিয়ে ভাববার অবকাশ পাইনি
ক্যানো না অভিজ্ঞতা আর ধাবিত বাস্তবকে সামনে রেখে
যুগের অনুত্তীর্ণ হাওয়ায় আমি গা ভাসাতে পারিনি
পারিনি প্রেমিকাকে নিয়ে মন্দিরের চৌকো দরজায় মাথা ঠুকতে
ষোলো কোটি বদ্ধজলা পার করে এসে
প্রার্থনার মধ্যে খুঁজে পেয়েছি ভেঙ্কাটেশীয় কমার্শিয়াল ডান্স
আমার চোখের সামনে নাচছে ষোলো কোটি প্রজন্ম
নৃত্যরত আদুরে মিডিয়া
আমার জন্মদিনে উপহার দিয়েছে জ্ঞানশূণ্য টিভি চ্যানেল
বিদারিত পোয়াতি ওষ্ঠের কোণ থেকে উঠে আসতে চাইছে বছরের শ্রেষ্ঠ তাজা গ্রেনেড
উজ্বল চাঁদের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর
আবিস্কার করেছি এ আসলে আমার প্রতি তীর্যক ব্যঙ্গ
কখনও বা মনে হয়েছে পৃথিবীর পার্ক স্ট্রীটে আঠালো থুতুর সাথে ঝুলছে গোটা একটা স্তন
শহরের কোলাহলের মধ্যে ফুরিয়ে যাচ্ছে লক্ষাধিক বিয়ারের বোতল
আকাশে ফাটছে হাজার শক্তিশেল
ভাসছে সংকলিত ধোঁয়ার যোগফল
আর আমি এখন ডিসেম্বরের মধ্যরাত্রে শীতল আবহাওয়ায় কোনো ঘোলাটে ঝিলে পা
ডুবিয়ে বসে আছি
বোঝার চেষ্টা করছি নিউ ইয়ারের যথার্থ সারমর্ম
প্রেম, নাইন এম এম ও শশ্মানযাত্রা
প্রসঙ্গত আমি উল্টো ঝুলতে থাকি ন্যাকড়া
জড়ানো তথাকথিত প্রেম আমার প্রেম
পেজ থ্রি'র হাল্কা মেকআপ মেশানো স্বর্গীয় অপ্সরা
হা ঈশ্বর ! শশ্মানযাত্রীদের চোখে আজ শুধুই
সমবেদনা ভরে দিলেন আমার মুখ তুলে
খিস্তি দেওয়া হয়নি
আমার মাথার উপর ঘুরপাক খাচ্ছে কয়েক'শ পাখার ব্লেড
প্রথমে আমার মনে হয়েছিল রাজস্থানি নাচ
চুল্লির ভেতরের পোঁড়া গন্ধ ঢুকে পড়েছে এখন
আমার রান্নাঘরে বঠির বদলে রয়েছে নাইন এম এম
ভাতের হাঁড়িতে হাতবোমা আমায় কবিতার খাতা মনে করিয়ে দ্যায়
জাহ্নবীর কথা ভাবতে ভাবতে আমি টান দিয়ে ফেলি গাঁজায়
তখন আমার খুব কবিতা লিখতে ইচ্ছে করে
আঁকিবুঁকি করতে করতে আমি গড়াগড়ি খাই
দাদুর কথা ভাবলে গর্ব হয়
হা দাদুভাই ! তোমার কনিষ্ঠ নাতি
অ্যাফ্রিকান হাতির পিঠে চড়ে সমুদ্র
সফরে বেড়িয়ে
হঠাৎ নিখোঁজ হয়ে গ্যাছে
কতদিন স্বপ্ন দেখিনি
শেষ স্বপ্নে কি কি ঘটেছিল মনে করতে পারছি না
এই মূহুর্তে আমি একটা স্বপ্ন দেখছি
সকাল হওয়ার আগেই পুরোটা দেখে ফ্যালা দরকার
এই মূহুর্তে আমি একটা স্বপ্ন দেখছি;
একদল উলঙ্গ শ্রমিক
দল বেঁধে পার্লামেন্টে মদ খাচ্ছে
তাদের নিজস্ব ভাষা বলছে স্পিকারের কানে
আর উচ্ছিষ্ঠ ছুঁড়ে মারছে পার্লামেন্টের ডাস্টবিনে
No comments:
Post a Comment