দেবরূপ সরকার


শিউলির চরাচর-১

আমার খাটিয়ার কাছে শিউলি এসে বসে। উড়ন্ত জড়োসরো লেগে আছে তার অবয়ব জুড়ে। কোনাকুনি ভাবে তাকে বেশ হীম মনে হয়। য্যানো কিছু পরেই দেখতে দেখতে একটা আস্ত নীল তুঁতের গোলা হয়ে উঠবে সে। বাদামী চোখের প্রাণী এক - ক্রমাগত জুলু ধরে রাখা।

স্তব্ধ!

একটু থেমে একটা সিগারেট ধরাই এরপর,

সাথে সাথে দাউদাউ লেগে যায়
ধানক্ষেত জুড়ে।


শিউলির চরাচর-২

অবেলার ভাত এগিয়ে দ্যায় শিউলি। তখনো গরম ধোঁয়া উঠে চলেছে ভাতের চাদর থেকে। একটা স্টিলের বাটিতে বাটা মাছের ঝোল। সদ্য ভোরের মতো নরম সহজিয়া ছেয়ে গ্যালো য্যানো। জানালার বাইরে চোখ ফেলতেই মরে যাওয়া বিকেলের ফিকে আলো এসে গেঁথে গ্যালো মাথায়।

টানটান ক্যামেরা ফেলে রাখা জানলা বরাবর-
একটা কুচকুচে তাল গাছ
স্থির
গাঢ় নীল হয়ে ওঠা আকাশ
শুকতারা
উজ্জ্বল

এর ঠিক পরেই স্পষ্ট শুনলাম - দেওয়াল ঘড়ির বেজে ওঠা সুর,
একটানা

ছ’বার।

No comments:

Post a Comment